মাদকের কর্মকর্তা পরিচয়ে অভিযান, একজনকে হত্যা
গাজীপুর সিটি করপোরেশনের বনগ্রাম এলাকায় গত রোববার বিকেলে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে অভিযান চালানো হয়। এ সময় তারা এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে। নিহত ব্যক্তির নাম জৈরা বর্মণ।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে দুজন নারীসহ সাদাপোশাকের একটি দল গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে বনগ্রাম কুঁচপাড়া এলাকায় যায়। পরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ এনে সাধনা (২৫) নামের এক গৃহবধূকে আটক করে হাতকড়া পরায়। তাঁকে মারধর করে টাকা দাবি করা হয়। টাকা না দিলে মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়। পরে দলটি সাধনার প্রতিবেশী জৈরাকেও (৪৫) আটক করে পাশের একটি বাগানে নিয়ে যায়। তাঁর কাছেও টাকা দাবি করা হয়। স্বজনেরা টাকা আনতে দেরি করায় জৈরাকে বেধড়ক পেটানো হয়। এরপর সাধনা ও জৈরার স্বজনদের কাছ থেকে ১০ হাজার টাকা করে নিয়ে দলটি চলে যায়। এর কিছুক্ষণ পরই জৈরার মৃত্যু হয়। রাত সাড়ে ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. নাসির উল্লাহ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘রোববার আমাদের কোনো দলই মাদক উদ্ধার অভিযানে বের হয়নি। আমাদের নাম ভাঙিয়ে কেউ এই ঘটনা ঘটিয়ে থাকলে আমাদের করার কিছু নেই।’