মাদকের টাকা না দেওয়ায় খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লবীতে নিহত এমব্রয়ডারি ডিজাইনার সাইফুল ইসলামের (২২) ওপর হামলাকারীদের সবাই মাদকাসক্ত। মাদক কেনার টাকা না পেয়ে তাঁরা সাইফুলকে ছুরিকাঘাত করেন, পরে নিজেরাও মারামারি করেন।

সাইফুল হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার একজনকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ এ তথ্য জানিয়েছে।

১ মার্চ সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনের ই ব্লকে (পল্লবী থানাধীন) সাইফুলকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি স্থানীয় একটি এমব্রয়ডারি প্রতিষ্ঠানে ডিজাইনার হিসেবে কাজ করতেন। এ ঘটনায় গত ৩ মার্চ পল্লবী থানায় মামলা করেন নিহত সাইফুলের বাবা শামসুদ্দিন আহমেদ। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। মামলার পরপরই পুলিশ সন্দেহভাজন হিসেবে রুবেল (১৮) ও মিঠুন (১৮) নামে দুই তরুণকে গ্রেপ্তার করে। দুজনই এখন কারাগারে আছেন।

ডিএমপি মিরপুর বিভাগের সহকারী কমিশনার (পল্লবী জোন) এ বি এম জাকির হোসেন বলেন, হামলাকারীরা সাইফুলের বন্ধু। তাঁরা একসঙ্গেই মাদক গ্রহণ করতেন। ঘটনার দিন মিঠুন গাঁজা কেনার জন্য সাইফুলের কাছে টাকা চেয়েছিলেন। সাইফুল টাকা দিতে রাজি হননি। এ নিয়ে তাঁদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। একপর্যায়ে একজন সাইফুলকে ছুরিকাঘাত করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সাইফুলের বাবা শামসুদ্দিনের সামনেই। এ সময় শামসুদ্দিন ভ্যানে করে সবজি বিক্রি করছিলেন, কিন্তু তিনি কাউকে চিনতে পারেননি।

পল্লবী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, সাইফুলকে মারধরের সময় রুবেল ও মিঠুনের সঙ্গে আরও তিন-চারজন ছিলেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, সাইফুলকে মারার পর সেখান থেকে একটু দূরে গিয়ে নিজেরাই আবার মারামারি করেন। এতে মিঠুন আহত হন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আর রুবেলকে পল্লবী থেকেই গ্রেপ্তার করা হয়।