মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে অ্যাসিডে ঝলসে দিলেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের টাকা না দেওয়ায় স্বামীর ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন এক নারী। তাঁর নাম সাদিয়া সুলতানা (২৪)। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট উড়ালসড়কের নিচে সাদিয়াকে অ্যাসিড ছোড়া হয়। তিনি তখন রিকশায় ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক মো. ইরফান চৌধুরী বলেন, সাদিয়ার শরীরের ২ শতাংশ পুড়ে গেছে। বাঁ চোখে আঘাত রয়েছে। চোখটি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা চক্ষু বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখবেন।

গতকাল রাতে হাসপাতালে গিয়ে দেখা যায়, সাদিয়ার ডান চোখের নিচে, মুখে, বুক ও বাঁ হাত অ্যাসিডে পুড়ে গেছে। তিনি প্রথম আলোকে বলেন, তিন বছর আগে চট্টগ্রামের আনোয়ারার আনোয়ার হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী কোনো কাজ করতেন না। সংসারের হাল ধরতে বহদ্দারহাট এলাকায় একটি বিউটি পারলারে কাজ নেন তিনি। ইয়াবায় আসক্ত স্বামী তাঁর কাছ থেকে প্রায়ই টাকা নিতেন। টাকা না দিলে মারধর করতেন। এমনকি বাসার আলমারি ভেঙেও টাকা নিয়ে যেতেন। কয়েক দিন ধরে টাকা না দেওয়ায় তাঁকে মারধর করতে থাকেন স্বামী।

গতকাল বিকেলে চান্দগাঁও অলিউল্লাহ আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে রিকশায় করে সাদিয়া বহদ্দারহাটের পারলারে যাচ্ছিলেন। বহদ্দারহাট উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়ার সময় স্বামী আনোয়ার ও এক যুবক তাঁর রিকশা থামান। টাকা নিয়ে তর্কের একপর্যায়ে ওই দুজন অ্যাসিড ছুড়ে মেরে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সাদিয়াকে হাসপাতালে দেখতে আসেন তাঁর প্রতিবেশী আবদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, নেশার টাকা না পেলে প্রায়ই সাদিয়াকে তাঁর স্বামী মারধর করতেন।

সাদিয়ার খালা নিপা আক্তার বলেন, বিয়ের পর থেকে নেশার টাকার জন্য সাদিয়াকে স্বামী মারধর করতেন। এ জন্য তিন মাস আগে আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা। আনোয়ারের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে জানান তিনি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, সাদিয়ার স্বামী আনোয়ারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।