মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে পাথর ছুড়ে হত্যা করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামীর নাম মো. রুবেল (৩২)। গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার কাটাপাহাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মাদকের টাকা না পেয়ে তিনি স্ত্রী মরিয়ম বেগমকে হত্যা করেছেন বলে পুলিশ জানায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, স্বামী-স্ত্রী দুজনই মাদকাসক্ত। তাঁরা নগরের ডিসি হিল, কাটাপাহাড় ও কাজীর দেউড়ি এলাকায় ফুটপাতে রাত কাটাতেন। নিহত মরিয়ম কাগজ কুড়িয়ে তা বিক্রি করে টাকা রোজগার করতেন। স্বামী রুবেল কোনো কাজ করতে চান না। মাদকের টাকা না পেয়ে গত রোববার দিবাগত রাত দুইটার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে পাথর ছুড়ে মারেন তিনি। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় মরিয়মকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, মরিয়মের দ্বিতীয় স্বামী রুবেল। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামকে বলা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল পাথর ছুড়ে মরিয়মকে হত্যার কথা স্বীকার করেছেন।