মাদকের টাকা নিয়ে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে আহত ৬
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশন এলাকায় গতকাল বুধবার মাদক বিক্রির টাকা নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুল হক বলেন, এ ব্যাপারে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।
উল্লাপাড়া থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার পঞ্চোক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হীরা মিয়ার সঙ্গে ইউনিয়ন যুবলীগের সদস্য মামুনের মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল। গতকাল সকালে সলপ রেলস্টেশনে ওই টাকা নিয়ে দুজনের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হীরার বাবা বাবলু মিয়া বলেন, ‘আমার ছেলে আগে মাদক বিক্রি করত। তবে এখন করে না। টাকা ধার দেওয়া নিয়ে দুজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।’