মাদকের ভয়াবহতায় বাড়ছে শিশু অপরাধ
আকাশ-সংস্কৃতি ও মাদকের ভয়াবহতার কারণে শিশুরা বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, বিভিন্ন ধরনের সংস্কৃতির মিশ্রণ আর সামাজিক ও ধর্মীয় অনুশাসন শিথিল হওয়ার কারণেই মূলত এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গতকাল শনিবার সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে আইনের সংস্পর্শে ও সংঘাতে জড়িত হওয়া শিশুদের জন্য করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথশিশুদের অধিকার নিয়ে কাজ করে এমন একটি সংগঠন ‘অপরাজেয় বাংলাদেশ’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
সাম্প্রতিক সময়ে চন্দ্রিমা উদ্যানে এক পথশিশুকে পুলিশ সদস্যরা নির্যাতন করেছেন বলে যে ছবি গণমাধ্যমে এসেছে সে বিষয়ে তিনি বলেন, ‘এটা আসলে মারপিটের দৃশ্য না। ওই শিশুটি লেকে সাঁতার কাটার জন্য গিয়েছিল। পলিশ সদস্যরা বিষয়টি স্বাভাবিকভাবে না নিয়ে রূঢ়ভাবে নিয়েছেন।’ বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যদের ওই পুরো দলটিকে বরখাস্ত করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ইমান আলী বলেন, শিশুরা পারিবারিক কলহ, মা-বাবার বিচ্ছেদ, সৎমায়ের অত্যাচারের শিকার হয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে অপরাধ করছে। কোনো শিশু চোর-অপরাধী হয়ে জন্মায় না। শিশুদের বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি মনোভাব পরিবর্তনের আহ্বান জানান তিনি।
অপরাজেয় বাংলাদেশের উপদেষ্টা ইনামুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাংসদ উম্মে কুলসুম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু তাহের প্রমুখ বক্তব্য দেন।