মাদকের মামলায় বাসচালকসহ তিনজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম থানায় হওয়া একটি মাদকের মামলায় সৌদিয়া পরিবহনের বাস চালকসহ তিনজনকে তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ শুক্রবার ওই তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, ওই তিনজন হলেন, বাসচালক ওবায়দুল হক, বাসের তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) মো. মোস্তফা ও বাসচালকের সহকারী গিয়াস উদ্দিন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আহাদ আলী প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাবতলীর বাস টার্মিনাল এলাকা থেকে ওই তিনজনকে দশ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে র‍্যাব-৪ এর একটি দল। পরে তাঁদের দারুস সালাম থানায় হস্তান্তর করে র‍্যাব একটি মামলা করে।