মাদকের মামলায় সাক্ষ্যের ক্ষেত্রে কর্মকর্তাদের অনীহার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে দীর্ঘদিন পর গতকাল রোববার মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন হয়েছে। এতে বিচারকেরা অভিযোগ করেছেন, মাদকের মামলায় সাক্ষ্য দেওয়ার ব্যাপারে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অনীহা রয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘দেড় বছর ধরে আমি নাটোরে জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছি। সাক্ষীর অভাবে এ সময়ের মধ্যে মাদকের একটি মামলাও নিষ্পত্তি হয়নি।’ এ ব্যাপারে তিনি সম্মেলনে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সতর্ক হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, অনেক সময় সাক্ষীরা আদালত চত্বরে এলেও তাঁদের বিচারকের সামনে হাজির করা হয় না। এখন থেকে সাক্ষীর হাজিরা তাঁর কার্যালয়ে জমা দেওয়ারও নির্দেশ দেন তিনি। এ সময় উপস্থিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) শিশু-কিশোরদের আসামি হিসেবে না দেখার পরামর্শ দেন। তাদের ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনা ও আইনি বিধিবিধান যথাযথভাবে অনুসরণের তাগিদ দেন।

প্রায় এক বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সভাপতিত্ব করেন। তিনি বলেন, নানা কারণে দীর্ঘদিন এই সম্মেলন হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় শনিবার এ সম্মেলন হবে। তিনি পুলিশ কর্মকর্তাদের দ্রুত সময়ে মামলার তদন্ত শেষ করার পরামর্শ দেন। অভিযোগপত্রে (চার্জশিট) কোন আসামির কী ভূমিকা ছিল, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করার ব্যাপারেও তাগিদ দেন। আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ও দোষ স্বীকারোক্তির জন্য পাঠানোর ক্ষেত্রেও বিধিবিধান মেনে চলার নির্দেশ দেন। তিনি প্রত্যেক থানায় তদন্তকারী কর্মকর্তাদের মুঠোফোন নম্বরসহ ‘ডেটাবেইস’ তৈরির পরামর্শ দেন। বিচারিক হাকিমদের ২০১০ সালের আগের সব ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দেন।

সম্মেলনে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত এপ্রিল ও মে মাসে জজ আদালত ও মুখ্য বিচারিক হাকিমের আদালত থেকে ২ হাজার ৯৯৪ জন সাক্ষী তলব করা হয়েছিল। এর মধ্যে ২ হাজার ৭১৩ জনকে তারা হাজির করে। সাক্ষ্য দিয়েছেন ২ হাজার ৪১৮ জন। ফিরে গেছেন ২৯৫ জন।

সম্মেলনে অংশ নেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী জজ আসাফ উদ দৌলা, জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোমিনুল ইসলাম, ফোকাল কর্মকর্তাও বিচারিক হাকিম মনিরুজ্জামান, সিভিল সার্জনের প্রতিনিধি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল কালাম, আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার, সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, আদালত পরিদর্শক নাসির উদ্দিন মণ্ডল, গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল হাই প্রমুখ।