মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বললেন
মাদকের সঙ্গে সব দলের প্রভাবশালীরা জড়িত
দেশের প্রতিটি দলের প্রভাবশালী ব্যক্তিরাই মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আমির হোসেন। তিনি বলেন, ‘এর ফলে দেশের ৭০ লাখ মানুষ তথা যুবসমাজ আজ মাদক নিচ্ছে। এই ভয়াবহতা দূর ও দেশকে মাদকের হাত থেকে রক্ষা করতে প্রতিটি রাজনৈতিক দলের শক্ত প্রতিশ্রুতি প্রয়োজন।’
গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পাঁচৈই গ্রামে একুশে গার্লস স্কুলমাঠে মাদকবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন এসব কথা বলেন।
সমাবেশে অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আমির হোসেন আরও বলেন, ‘আমাদের দেশে মাদক আসছে ভারত ও মিয়ানমার থেকে। এসব মাদক শুধু পুলিশ, বিজিবি, র্যাব বা প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। এ জন্য দরকার সর্বস্তরের লোক ও রাজনৈতিক নেতাদের মাদক বিক্রেতা ও সেবনকারীদের পরিহার করা।’
অধিদপ্তরের উপপরিচালক মানজুরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘আগে দেশের যুবসমাজ হেরোইন সেবন করত। পরবর্তী সময়ে ফেনসিডিল সেবন শুরু করে। বর্তমানে প্রতিদিন ৩০ লাখ মানুষ ইয়াবা সেবন করে।’ তিনি আরও বলেন, ‘মাদক বিক্রেতারা তাদের টার্গেট হিসেবে দেশের ইংলিশ মিডিয়াম স্কুল ও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বেছে নিয়েছে।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে দাবি করে সমাবেশে চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফুজ্জামান বলেন, এ বিষয়ে পুলিশ বিভাগ থেকে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। সেখানে সার্বক্ষণিক হটলাইন চালু আছে। এর নম্বর ০১৭১৬৯৫৫৬২৩।
মাদকবিরোধী এই সমাবেশে হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ মজুমদার এই উপজেলাকে আগামী মার্চে মাদকমুক্ত ঘোষণা করা হবে বলে জানান। সমাবেশে উপজেলার ১০টি গ্রামের প্রায় দুই হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক নাজমুল আহসান মজুমদারের সভাপতিত্বে ও শিক্ষক আলমগীর বাহারের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শেদুল ইসলাম, হাজীগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল হানিফ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী জি এম মজিবুর রহমান ও একুশে গার্লস স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক।