মাদকের সমস্যা কমছে না বছিলায়
একদিকে শহুরে সুবিধা বাড়ছে, অন্যদিকে বাড়ছে মাদকের শঙ্কা। বছিলাবাসী নিজ উদ্যোগে কিছু পদক্ষেপ নিয়েও পেরে উঠছে না। তাদের অভিযোগ, মাদক ব্যবসায়ীদের ওপরের পর্যায়ে যোগাযোগ থাকায় খুব সহজেই ছাড় পেয়ে যাচ্ছে। স্কুলগামী শিক্ষার্থীদের মাদকে জড়িয়ে যাওয়ার শঙ্কায় অভিভাবকেরাও চিন্তিত।
গত বছরের শুরুর দিকে বছিলার মাদক সমস্যা নিয়ে এলাকাবাসী সচেতনতামূলক সভার আয়োজন করে। তারা মাদক বিক্রেতাদের একটি তালিকা করে ওয়ার্ড কমিশনার ও পুলিশকে দেয়। তবু কোনো সমাধান হচ্ছে না। এ সমস্যা নিয়ে প্রথম আলোতে বেশ কয়েকটি প্রতিবেদনও প্রকাশিত হয়। মোহাম্মদপুরের বছিলা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের অধীন। বুড়িগঙ্গার পাড়ের এই এলাকাটিতে এখন ধীরে ধীরে শহুরে ছোঁয়া লাগছে। সেখানে গড়ে উঠছে বেশ কিছু আবাসন প্রকল্পও। গতকাল মঙ্গলবার বছিলায় গিয়ে দেখা যায়, সড়কগুলো পাকা হয়েছে। লোকজন চলাচলের সুবিধার কথা বললেও তাঁরা মাদক নিয়ে চিন্তিত হওয়ার কথা বলেছেন। একজন মুদিদোকানি বলেন, ‘পুলিশ মাঝে মাঝে ধরে, কিন্তু লাভ হয় না। টাকা দিলেই ছাইড়া দেয়।’ নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ‘এই ব্যবসায়ীদের ওপরের লেভেলে লিংক আছে। এলাকা থেকে লিস্ট দেওয়া হইছে থানায়। সবাই জানে কারা এরা।’ তবে তিনি বললেন, আগে প্রকাশ্যে বিক্রি হতো। এখন সেটা কমেছে। তবে মাদক বিক্রি কমেনি। মধ্যপাড়া, বছিলা উচ্চবিদ্যালয়ের আশপাশে ও উত্তরপাড়ায় মাদকের প্রবণতা বেশি। মধ্যপাড়ার রাহেলা বেগম নিজের ছেলেদের নিয়ে চিন্তিত। তিনি বলেন, স্কুলের বাচ্চাদের আকৃষ্ট করা সহজ। আর ওই এলাকায় মাদকের বিক্রিও বেশি।
মোহাম্মদপুর থানার ওসি মো. জামালউদ্দিন মীর প্রথম আলোকে বলেন, ‘আগের চেয়ে কমেছে। নিয়মিত অভিযানে সমস্যা এখন নিয়ন্ত্রণে।’ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া প্রসঙ্গে বলেন, যাঁরা এই অভিযোগ করেন, তাঁদেরকে বলেন প্রমাণ দিতে।