জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের ১৭টি চরে প্রায়ই বাল্যবিবাহের ঘটনা ঘটছে। গত এক মাসে এসব চরে অন্তত ১০টি বাল্যবিবাহ হয়েছে। সচেতনতার অভাব ও দারিদ্র্যের কারণেই বাল্যবিবাহের ঘটনা বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কয়েকজন জনপ্রতিনিধি জানান, উপজেলার যেসব চরে বাল্যবিবাহ হচ্ছে সেগুলো হচ্ছে জোড়খালী ইউনিয়নের ফোলজোড়, চর ফোলজোড়, খিলকাটি, আতামারী, চর আতামারী ও চর গোলাবড়ি এবং বালিজুড়ী ইউনিয়নের নাংলা, চরনাংলা, নাদাগাড়ী, চর নাদাগাড়ী, মির্জাপুর, শুভগাছা, চর শুভগাছা, কামারিয়া, চর কামারিয়া, সুখনগরী ও চর সুখনগরী।
স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও চরের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ১৭টি চরে প্রায় ৬৫ হাজার মানুষের বাস। চরগুলোর চারপাশে যমুনা নদী। এ ছাড়া বেশির ভাগ চরে যোগাযোগের তেমন কোনো ব্যবস্থা নেই। আগে বাল্যবিবাহ হলে লোকজন জানতে পারতেন। এখন বাল্যবিবাহ সম্পন্ন হয় গোপনে। অনেক অভিভাবক স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের কাছে বয়স গোপন করে ও নাম পরিবর্তন করে বয়স বাড়িয়ে নিচ্ছেন। এমনকি অনেক অভিভাবক অন্য জায়গায় নিয়ে অতি গোপনে তাঁর মেয়ের বিয়ে সম্পন্ন করছেন। এ কারণে বাল্যবিবাহের ঘটনা রোধ করা যাচ্ছে না। গত এক বছরে মেয়েদের বয়স গোপন করে প্রায় ৫০টি বাল্যবিবাহ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৪ সালে চর ফোলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সোনিয়া আক্তার, মিতা আক্তার ও মেরিনা আক্তারের গত শুক্রবার (১৪ আগস্ট) রাতে বিয়ে দেওয়া হচ্ছে, এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান ঘটনাস্থলে থানার উপপরিদর্শক (এসআই) তাহেরকে পাঠান। পরে ওই শিক্ষার্থীদের অভিভাবকেরা তাদের বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরের দিনই স্থান পরিবর্তন করে গোপনে ওই তিন শিক্ষার্থীর বিয়ে সম্পন্ন করা হয়।
ইউএনও কামরুজ্জামান গতকাল সোমবার জানান, পুলিশ পাঠানোর পরও স্থান পরিবর্তন করে ওই শিক্ষার্থীদের বিয়ে দেওয়ার খবর পেয়ে তিনি উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাসুমা আক্তারকে তদন্তে পাঠান। পরে মাসুমা ঘটনার সত্যতা পান। ওই তিন শিক্ষার্থীর অভিভাবকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
খিলকাটি আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. গোলাম হোসেন বলেন, প্রায়ই চরে বাল্যবিয়ে হচ্ছে। গত এক মাসেই এসব চরে অন্তত ১০টি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে।
জোড়খালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থীদের নাম পরিবর্তন ও বয়স বাড়িয়ে জন্মসনদ নেওয়ার পর বাল্যবিবাহ দেওয়া হচ্ছে। এ জন্য দায়ী ইউপি সদস্যরা। কারণ কোনো ওয়ার্ডে ছেলেমেয়েদের জন্মসনদ দেওয়ার আগে ইউপি সদস্যদের বয়স যাচাই-বাছাই করার কথা।