ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে আওয়ামী লীগ নেতার দ্বন্দ্বে ত্রাণবঞ্চিত হলো বন্যাদুর্গতরা। বন্যাদুর্গত পরিবারের তালিকা করা নিয়ে এই দ্বন্দ্ব। গতকাল শুক্রবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্র জানায়, বন্যাদুর্গত ৪০০টি পরিবারকে ১০ কেজি করে ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের অনুমোদন পেয়ে ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন গত বৃহস্পতিবার গুদাম থেকে ওই চাল উত্তোলন করেন। কিন্তু বন্যাদুর্গত পরিবারের তালিকা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম। এ নিয়ে দুজনের দ্বন্দ্ব দেখা দেয়। এ কারণে চেয়ারম্যান ত্রাণ বিতরণ বন্ধ রাখেন।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র প্রথম আলোকে জানায়, নিয়ম অনুযায়ী ত্রাণের চাল বিতরণ করবেন চেয়ারম্যান। কিন্তু দুই দিন আগে এই চাল বিতরণের জন্য ফরিদুলকে নির্দেশ দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান।
ইউপি চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসক ও ইউএনও–কে জানিয়েছি। তাঁরা উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য অনুরোধ জানিয়েছি।’