মাদারগঞ্জে দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত বৃহস্পতিবার তদন্ত করা হয়েছে।
লাঞ্ছনার শিকার দুই শিক্ষক হলেন প্রধান শিক্ষক মো. সুরুজ্জামান ও তাঁর স্ত্রী সহকারী শিক্ষক রাজিয়া খাতুন। গত মঙ্গলবার বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. রমিজ উদ্দিন। তিনি জোড়খালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিতে রমিজ উদ্দিন সদস্য হতে চান। এ নিয়ে রমিজ উদ্দিনের সঙ্গে মো. সুরুজ্জামানের বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রমিজ উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন লোক প্রধান শিক্ষককের কার্যালয়ে ঢুকে সুরুজ্জামান ও রাজিয়া খাতুনকে লাঞ্ছিত করা হয়।
প্রধান শিক্ষক মো. সুরুজ্জামান বলেন, রমিজ উদ্দিন মঙ্গলবার বিদ্যালয়ে এসে কমিটিতে তাঁকে রাখার জন্য চাপ দেন। এ সময় তাঁরা আমাকে মারধর করেন। আমার স্ত্রী খবর পেয়ে এলে তাকেও লাঞ্ছিত করা হয়।’
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রমিজ উদ্দিন বলেন, প্রধান শিক্ষককের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে মাত্র। মারধরের ঘটনা ঘটেনি।
মাদারগঞ্জ থানার এসআই মো. হারুন-অর-রশিদ বলেন, রমিজ উদ্দিন প্রধান শিক্ষককের শার্টের কলার ধরেন বলে জানা গেছে।