শিবপাশা ইউপির চেয়ারম্যান আলী আমজাদ এবং স্থানীয় নলিউর রহমানের সমর্থকদের মধ্যে আধিপত্য িবস্তার নিয়ে এই সংঘর্ষ হয়
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার ফুলজোড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। একই দিন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী, শিশুসহ ৬০ জন আহত হয়েছে।
মাদারগঞ্জে সংঘর্ষে নিহত দুই ব্যক্তি হলেন একই উপজেলার ফুলজোড় গ্রামের আলমাস সরকারের ছেলে মো. রাশেদুল ইসলাম (২৩) ও তাঁর চাচাতো ভাই আবদুস ছোবহান মন্ডল (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস ধরে ফুলজোড় রহিম জাফর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে জহুরুল প্রামাণিক ও আলমাস সরকারের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গতকাল বেলা একটার দিকে জহুরুল প্রামাণিক শতাধিক লোক নিয়ে আলমাস সরকারের বাড়িতে হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে রাশেদুল ইসলাম ও তাঁর চাচাতো ভাই আবদুস ছোবহান মন্ডল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ ফুলজোড় গ্রামের শাহিন মিয়া, হাবিল মিয়া, বাবলু মিয়া, বারী আকন্দ, শহিদুল ইসলাম ও মো. পাহলোয়ানকে আটক করেছে। এ বিষয়ে চেষ্টা করেও জহুরুল প্রামাণিক ও আলমাস সরকারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আজমিরীগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের বাসিন্দা শিবপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের সঙ্গে একই গ্রামের নলিউর রহমান গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনের পর থেকে উভয়ের মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। গত বুধবার রাত আটটার দিকে পশ্চিমবাগ বাজারে পশ্চিমবাগ গ্রামের অলিউর রহমানের (আলী আমজাদের লোক) সঙ্গে একই গ্রামের রেজাউল মিয়ার (নলিউর রহমানের লোক) ধাক্কা লাগে। এর জের ধরে ঘণ্টাখানেক পর বাজারে মলাই মিয়া ও সাবাজ মিয়া নামের দুই ব্যক্তিকে কুপিয়ে আহত করে তাঁদের প্রতিপক্ষ। এ ঘটনার সূত্র ধরে রাত ১২টার দিকে গ্রামের ভেতরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহত মলাই মিয়া, সাবাজ মিয়া, সিজিল মিয়া, আক্তার মিয়া, আশরাফুল, রেজাউল, সেজাউল, ওয়াহিদ মিয়া, জাকারিয়া, শাহ মজনু, জুয়েল, সুজন, মজনু, ইসলাম উদ্দিনসহ ২১ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে রাত একটার দিকে ওয়াহিদ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নলিউর রহমান অভিযোগ করেন, আলী আমজাদের লোকজন পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা করেছে। এ ঘটনায় মলাই মিয়া, সাবাজ মিয়াসহ তাঁদের ৩০-৩৫ জন আহত হন।
হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে অপরপক্ষের নেতা শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আমজাদ বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই, বরং তাঁর লোকজনের ওপর হামলা করেছেন নলিউর ও তাঁর লোকজন।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি ওহিদুর রহমান বলেন, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।