মাদারগঞ্জে স্কুলশিক্ষিকাকে অপহরণের অভিযোগ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গত রোববার একজন সহকারী শিক্ষিকাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই রাতেই তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
গতকাল সোমবার তাঁকে উদ্ধারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম-পদ মণ্ডল প্রথম আলোকে বলেন, অপহরণের অভিযোগে ওই স্কুলশিক্ষিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলা নেওয়া হবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার সকাল ১০টার দিকে ওই শিক্ষিকা ভোটার তালিকা হালনাগাদ করতে মাদারগঞ্জের বালিজুড়ী এলাকা থেকে উপজেলা পরিষদে যাওয়ার পথে তাঁকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়।
থানায় অপহৃত শিক্ষিকার মায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সুখনগরী গ্রামে প্রায় ১৫ বছর আগে ওই শিক্ষিকার বিয়ে হয়। প্রায় দেড় বছর আগে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে সাবেক স্বামী বিভিন্ন সময় ওই শিক্ষিকাকে অপহরণের হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় গত বছরের ১৫ অক্টোবর ওই শিক্ষিকা মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সাবেক স্বামীই ওই শিক্ষিকাকে অপহরণ করেছেন বলে তাঁদের ধারণা।
এ ব্যাপাের মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান প্রথম অালোকে বলেন, ওই শিক্ষিকার মা অপহরণের বিষয়ে একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
ওই শিক্ষিকার সাবেক স্বামীর মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।