মাদারগঞ্জে ৩৫০ বস্তা চাল উদ্ধার, গ্রেপ্তার ১
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের দুস্থদের জন্য বরাদ্দ দেওয়া ৩১৭ বস্তা ভিজিএফের চাল গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে। গত রোববার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিনে এসব চাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আহাম্মেদ হোসেন ভূঁইয়া এবং মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে চর পাকেরদহ, বালিজুড়ি, আদারভিটা, জোড়খালি ও কড়ইচড়া ইউনিয়নের এসব চাল উদ্ধার করা হয়। ইউএনও মো. কামরুজ্জামান বলেন, ২০ জুলাই জোড়খালি ইউনিয়নের সাত বস্তা, ২১ জুলাই অদারভিটার পাঁচ ও বালিজুড়ির ১১০, ২৩ জুলাই কড়ইচড়ার ২২ ও গতকাল চর পাকেরদহ ইউনিয়ন থেকে ১৭৩ বস্তা চাল উদ্ধার করা হয়। গতকাল অভিযান চলাকালে একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা চাল মাদারগঞ্জ থানায় জমা রয়েছে।
বালিজুড়ি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবদুুল হাই অভিযোগ করেন, ইউনিয়নের ছয় হাজার ৭০০ দুস্থ নারী-পুরুষের নামে ভিজিএফের চাল বরাদ্দ আসে। কিন্তু ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম অর্ধেকের বেশি ভুয়া নাম তালিকায় ঢুকিয়ে গত বুধবারের মধ্যে সব চাল বিতরণ দেখান। পরদিনই কালোবাজার থেকে ১১০ বস্তা চাল ভ্রাম্যমাণ আদালত উদ্ধার করেন।