মাদারীপুরে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ১
মাদারীপুরের শিবচর উপজেলা থেকে অপহরণের দুই ঘণ্টা পর রিফাত চৌকিদার (৭) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রিফাত শিবচর উপজেলার ওসমান বেপারীরকান্দি গ্রামের রোকন চৌকিদারের ছেলে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শাকিল সরদার (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাকিল একই উপজেলার চরশ্যামাইল গ্রামের বাসিন্দা।
শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) মো. নাসির উদ্দিনের ভাষ্য, সকাল সাড়ে আটটার দিকে শিশুটি কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজারে নাশতা কিনতে যায়। সেখান থেকে অপহরণকারী চক্রের সদস্য শাকিল তাকে নাশতা কিনে দেয়। এরপর শিশুটিকে এক হাজার টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাংলাবাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে কাঁঠালবাড়ি ফেরিঘাটে নিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে অপহরণকারীকে আটকে রেখে ঘাটের কর্তব্যরত পুলিশকে খবর দেয়। পরে পুলিশ শিবচর থানায় সংবাদ দিলে থানা-পুলিশ গিয়ে শিশু ও অপহরণকারীকে থানায় নিয়ে যায়।
কাঁঠালবাড়ি ফেরিঘাটের টার্মিনাল সুপারভাইজার মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের সহযোগিতায় শিশুকে উদ্ধার করা হয়। ওই শিশুটিকে অপহরণ করে রাজধানী ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিল শাকিল। সে লঞ্চে ওঠার আগেই তাঁকে ধরে ফেলা হয়।
শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমির সেনিয়াবাদ বলেন, খবর পেয়ে শিশু ও অপহরণকারীকে থানা নেওয়া হয়েছে। শাকিল এই ঘটনার দায় স্বীকার করেছে। তাঁর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না জানার জন্য শাকিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শিবচর থানায় অপহরণ আইনে মামলা করেছেন।