মাদারীপুরে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ১
অপহরণের দুই ঘণ্টা পর গতকাল মঙ্গলবার মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকা থেকে রিফাত চৌকিদার (৭) নামের একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাকিল সরদার (২৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শিশু রিফাত শিবচর উপজেলার ওসমান বেপারীরকান্দি গ্রামের রোকন চৌকিদারের ছেলে। গ্রেপ্তার শাকিল একই উপজেলার চরশ্যামাইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের সোহরাব সরদারের ছেলে।
শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. নাসির উদ্দিন বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে রিফাত কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজারে নাশতা কিনতে যায়। সেখান থেকে অপহরণকারী চক্রের সদস্য শাকিল তাকে নাশতা কিনে দেয়। এরপর শিশুটিকে লোভ দেখিয়ে শাকিল বাংলাবাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে কাঁঠালবাড়ি ফেরিঘাটে নিয়ে আসে। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তাঁকে আটকে রেখে ঘাটের পুলিশ সদস্যদের খবর দেয়। পরে শিবচর থানা-পুলিশ ওই শিশু ও অপহরণকারীকে নিয়ে যায়।
কাঁঠালবাড়ি ফেরিঘাটের টার্মিনাল সুপারভাইজার মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশুকে উদ্ধার করা হয়। শিশুটিকে অপহরণ করে রাজধানীর উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন শাকিল। লঞ্চে ওঠার আগেই তাঁকে ধরে ফেলা হয়।
বাংলাবাজার এলাকার বাসিন্দা রুবেল ব্যাপারী বলেন, ‘রিফাত মাঝে মাঝে বাজারে নাশতা কিনতে আসে। গতকাল সকালে এক তরুণ তাকে নিয়ে গিয়েছিলেন। মনে করেছিলাম তিনি রিফাতের আত্মীয়। পরে জানতে পেরেছি, ওই তরুণ অপহরণকারী চক্রের সদস্য।’
শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমির বলেন, শিশু রিফাত ও অপহরণকারীকে থানায় আনা হয়েছে। শাকিল এই ঘটনার দায় স্বীকার করেছে। আর কেউ জড়িত আছে কি না জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় শিশুটির বাবা শিবচর থানায় মামলা করেছেন।