মাদারীপুরে আ.লীগ কর্মীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলার মাদ্রা গ্রামে আওয়ামী লীগের স্থানীয় এক কর্মীকে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির স্ত্রী নূপুর বেগম বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনায় জড়িত সন্দেহে ইমাম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুর সদর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রা গ্রামের সুলতান চৌকিদারের ছেলে আজিজুল চৌকিদার (৩২) স্থানীয় আওয়ামী লীগ কর্মী। শনিবার রাতে মাদ্রা বাজার থেকে বাড়ি ফেরার পথে মুখোশ পরা দুর্বৃত্তরা তাঁকে ধাওয়া করে। এ সময় তিনি একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। পরে মৃত্যু নিশ্চিত করার জন্য তাঁরা আজিজুলকে গলা কেটে ফেলে রেখে যায়। খবর পেয়ে রাতেই মাদারীপুরের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠান। এরপর নিহত ব্যক্তির স্ত্রী গতকাল রোববার দুপুরে ২২ ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ এজাহারভুক্ত আসামি ইমাম হোসেনকে মাদ্রা গ্রাম থেকে গ্রেপ্তার করে।
নূপুর বেগম বলেন, ‘আমার স্বামী এলাকার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করত। এ কারণে এলাকার কিছু মানুষ তাঁর প্রতি ক্ষুব্ধ ছিল। সর্বহারা পার্টির সদস্যরা তাঁকে বিভিন্ন সময় হুমকি দিত।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, মাদ্রা ও আশপাশে সর্বহারা পার্টির তৎপরতা আছে। আজিজুল তাঁদের কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন। এ ছাড়া ড্রেজার ব্যবসা নিয়ে স্থানীয় কিছু লোকের সঙ্গে বিরোধ ছিল। এসব কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে।