মাদারীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা
মাদারীপুরে জাকিয়া বেগম (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাতে জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকিয়া বেগম চর লক্ষ্মীপুর গ্রামের আবু তাহের আলীর স্ত্রী।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে আবু তাহের আলী ও জাকিয়া বেগম শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাহের আলীর ওপর চড়াও হলে তিনি দৌড়ে ঘরের ভেতর ঢুকে যান। তখন দুর্বৃত্তরা জাকিয়া বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
গতকাল সোমবার সকালে পুলিশ জাকিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এ হত্যার ঘটনাটি রহস্যজনক। এ ব্যাপারে নিহতের স্বামী তাহের (৩৮) ও তাঁর ভাই সাইফুলকে (২৮) আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।