মাদারীপুরে গ্রামীণ ব্যাংকে জাল স্ট্যাম্প, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি জাল স্ট্যাম্প তৈরি ও ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার অভিযোগে গ্রামীণ ব্যাংকের দুই কর্মচারীকে আটক করে র‍্যাব। র‍্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্প, ৬ জুন। ছবি: প্রথম আলো
সরকারি জাল স্ট্যাম্প তৈরি ও ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার অভিযোগে গ্রামীণ ব্যাংকের দুই কর্মচারীকে আটক করে র‍্যাব। র‍্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্প, ৬ জুন। ছবি: প্রথম আলো

সরকারি জাল স্ট্যাম্প তৈরি ও ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার অভিযোগে গ্রামীণ ব্যাংকের দুই কর্মচারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৮) মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচর উপজেলার দুটি শাখা থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার চরভাটপাড়া গ্রামের মো. মন্নু শেখের ছেলে মো. উজ্জ্বল শেখ (২৮) ও শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার সাজনপুর গ্রামের মৃত নুরু মেলকারের ছেলে মো. খোকন মেলকার (৩০)। এঁরা দুজনই গ্রামীণ ব্যাংকের কর্মচারী বলে জানিয়েছে র‌্যাব।

আজ বুধবার দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শিবচর উপজেলায় গ্রামীণ ব্যাংকে কয়েকটি শাখায় সরকারি জাল স্ট্যাম্প তৈরি, ক্রয়-বিক্রয় হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলায় ব্যাংকের কয়েকটি শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানের সময় গুয়াতলা এলাকায় ব্যাংকের শাখা অফিসের তৃতীয় তলা থেকে ১৪২টি (দশ টাকা মূল্যের) জাল স্ট্যাম্পসহ ব্যাংকের ওই শাখার কর্মচারী উজ্জ্বল শেখকে আটক করা হয়। পরে উজ্জ্বল শেখের দেওয়া তথ্য অনুসারে, একই উপজেলার উমিদপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। সে সময় ওই অফিসের কর্মচারী খোকন মেলকারকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১১৫টি (দশ টাকা মূল্যের) জাল স্ট্যাম্প, ১০ হাজার ব্যবহৃত জাল রাজস্ব স্ট্যাম্প, প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন এবং তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।

মাদারীপুর র‌্যাব-৮-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম বলেন, সরকারের রাজস্ব আয়ের বড় একটি অংশ আসে রাজস্ব স্ট্যাম্প থেকে। গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের একটি চক্র দীর্ঘদিন যাবৎ জাল রাজস্ব স্ট্যাম্প তৈরি, ক্রয়-বিক্রয় এবং ব্যবহার করে সরকারের বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতি করে আসছিল। আটক আসামিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে শিবচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করবে বলে তিনি জানান।