মাদারীপুরের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজিৎ চ্যাটার্জির (বাপ্পি) ওপর হামলা হয়েছে। তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মিঠাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী মিয়াজ উদ্দিনের সমর্থক সাত্তার খানের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আরও দুজন আহত হয়েছেন।
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিয়াজ উদ্দিন খান বলেন, ‘আমার কোনো কর্মী এ হামলা চালাতে পারে না। যারা হামলা চালিয়েছে তারা আমার কর্মী না। অতি উৎসাহিত কোনো ব্যক্তি এ হামলার ঘটনা ঘটাতে পারে। আমি এ ঘটনার নিন্দা জানাই।’
সাত্তার খানের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা চালানোর সময় হামলার ঘটনা ঘটেছে। কারা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।