মাদারীপুরে ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট বাজারে ডাকাতের গুলিতে স্বপন কাজী নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ডাকাতের গুলিতে আহত হয়েছেন সোহেল মৃধা নামের আরেক ব্যবসায়ী। সোহেল বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ব্যবসায়ীরা বলেন, গতকাল রাত তিনটার দিকে মুখোশপড়া একদল সশস্ত্র ডাকাত বাজারে হানা দেয়। ডাকাতেরা শুভ জুয়েলার্স, মৌসুমি জুয়েলার্স, আঁচল জুয়েলার্স, স্বপন কাজীর কসমেটিক্সের দোকান, শিশিরের দোকান ও নিজাম টেইলার্সের মালামাল লুট করতে থাকে। খবর পেয়ে ব্যবসায়ীরা ছুটে গেলে ডাকাতেরা এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে যান। তখন দুই ব্যবসায়ী স্বপন কাজী ও সোহেল মৃধা গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের আজ সোমবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর একটার দিকে স্বপন মারা যান।
ব্যবসায়ীরা জানান, ডাকাতেরা ৩০ ভরি ওজনের সোনার অলংকার ও নগদ দুইলাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা সাংবাদিকদের বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।