মাদারীপুরে ডেকে নিয়ে শিশু হত্যা ইমাম গ্রেপ্তার
মাদারীপুরে ডেকে নিয়ে আদুরী (৬) নামে এক শিশুকে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে এক ইমামের বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজৈর উপজেলার সেন্দিয়া গ্রামে ঘটেছে এ ঘটনা। নিহত শিশু আদুরী গ্রামের টুকু সরদারের মেয়ে। সে সেন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। এ ঘটনায় রাজৈর থানায় ছয় ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন শিশুটির বাবা টুকু সরদার। তবে পুলিশ ও পরিবার কেউই অন্য আসামিদের নাম প্রকাশ করেনি।
রাজৈর থানা সূত্র জানায়, শিশু আদুরী বিদ্যালয়ের পাশাপাশি বাড়ির পাশের মসজিদের মক্তবে আরবি পড়ত। গত রোববার সকালে মক্তবে যেতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর আদুরীর ভাই শাহিন সরদার রাজৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। একপর্যায়ে পুলিশ মসজিদের ইমাম পিরোজপুর সদর উপজেলার বৈরমপুর গ্রামের শফিকুল ইসলামকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আদুরীকে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেন।
ইমাম শফিকুলের বরাত দিয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, আদুরীকে শ্বাসরোধে হত্যা করেন শফিকুল। পরে বস্তাবন্দি লাশ মসজিদ-ঘরের পেছনে মাটিচাপা দেন। এরপর পরিচিত এক লোকের মাধ্যমে মুঠোফোনে মেয়েটির বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন শফিকুল। ওসি আরও বলেন, ইমাম শফিকুল স্বীকার করেছেন, এ হত্যায় আরও তিন ব্যক্তি জড়িত। এলাকার একটি পক্ষ এ হত্যাকাণ্ড ঘটাতে তাঁকে এক লাখ টাকা দিয়েছে।
স্থানীয় খালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা বলেন, টাকার লোভে শফিকুল শিশু আদুরীকে হত্যা করে থাকতে পারেন। আর মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রাজু খান বলেন, অতীতে শফিকুলের আচরণে মনে হয়নি তিনি এমন কাজ করতে পারেন। দোষী হলে তাঁর উপযুক্ত শাস্তি চান তাঁরা।
শফিকুলকে মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল হাজির করা হয়। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর বিচারক নিয়াজ মাহমুদ তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে শিশু আদুরীকে হত্যার সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।