মাদারীপুরে তরুণকে তুলে নিয়ে হাতুড়িপেটা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে গত সোমবার রাতে এক তরুণকে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এক তরুণীর সঙ্গে প্রেম ও বিয়ের কারণে শিশির ঢালী (২২) নামের ওই তরুণ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।
শিশিরকে গত মঙ্গলবার সকালে গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ওই দিন সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি সদর উপজেলার পুরোনো বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।
শিশিরের নানি শাহানা বেগম বলেন, প্রায় দুই বছর আগে মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকার এক তরুণীর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক হয় শিশিরের। উভয়ের পরিবারের সম্মতিতে ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়। তবে দুই পরিবারের দ্বন্দ্বের কারণে দুই মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়। এরপরও ওই তরুণী পরিবারকে না জানিয়ে শিশিরের বাড়ি যেতেন। এতে তাঁর পরিবার ক্ষিপ্ত হয়।
শিশিরের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সোমবার রাতে শিশিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ওই তরুণীর পরিবারের কয়েকজন সদস্য। তাঁকে তরুণীর মামার বাড়ি নিয়ে একটি ঘরে আটকে রেখে রাতভর হাতুড়িপেটা করা হয়। মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে শিশিরকে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, এক তরুণকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থান থেঁতলে গেছে। কয়েকটি আঘাত বেশ গুরুতর।
মঙ্গলবার মাদারীপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশির হাসপাতালের বিছানায় ব্যথায় কাতরাচ্ছেন। হাত-পা নাড়াতে পারছেন না। মাথা ও গালে আঘাত বেশি। তিনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না। আশপাশে তাঁর স্বজনেরা দাঁড়িয়ে আছেন।
শিশিরের নানি প্রথম আলোকে বলেন, তাঁর নাতিকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়েছেন সোহেল, রাসেল, রকিসহ আরও কয়েকজন। তাঁরা ওই তরুণীর আত্মীয়স্বজন।
তবে ওই তরুণীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করেও বন্ধ পাওয়া যায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) উত্তম প্রসাদ পাঠক বলেন, বিষয়টি তাঁদের জানা নেই। থানায় কোনো মামলা হয়নি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।