মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে হিরু শেখ (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে ঘুনসি উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ঘুনসি গ্রামের দাদন মাতুব্বর, শাহজাহান মৃধা ও লিমন ব্যাপারী। তাঁদের প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চার ব্যক্তিকে আটক করেছে।
মাদারীপুর সদর থানা সূত্র জানায়, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে শিরখাড়া ইউপির বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদারের সঙ্গে মফিজ ব্যাপারীর বিরোধ চলছে। এলাকায় আধিপত্য বিস্তার করতে দুই পক্ষ প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। শনিবার ঘুনসি উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে রাত সাড়ে আটটার দিকে মফিজ ব্যাপারী তাঁর সমর্থকদের নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদারের সমর্থকেরা মফিজ ব্যাপারীর সমর্থকদের ওপর হামলা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে হিরু শেখ মারা যান। হিরু শেখ মজিবর রহমান হাওলাদারের সমর্থক।
ঘটনার পর থেকে মফিজ ব্যাপারী পলাতক রয়েছেন। তাঁর সমর্থক ও ভাইয়ের ছেলে সাফায়েত হোসেন বলেন, ‘বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে আমরা বাড়ি ফিরছিলাম।
হঠাৎ চেয়ারম্যানের লোকজন আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। হিরু কীভাবে মারা গেছে তা আমরা জানি না।’
শিরখাড়া ইউপির চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদার বলেন, ‘আমার কোনো সমর্থক হামলা চালায়নি। মফিজ সর্বহারা দলের সঙ্গে যুক্ত। এটা সর্বহারাদের কাজ হতে পারে।’
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক গতকাল রোববার দুপুরে জানান, ময়নাতদন্ত শেষে হিরুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।