মাদারীপুরে দুর্বৃত্তরা চোখ উপড়ে নিয়েছে ব্যবসায়ীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনিতে অপহরণের পর কবির মৃধা (৪০) নামের এক ব্যবসায়ীর দুই চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের খুনেরচর গ্রামের নুরু মৃধার ছেলে এবং ও ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য খবির মৃধার বড় ভাই।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দে জানিয়েছেন, ওই ব্যবসায়ী রাজধানীতে পান বিক্রি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় লঞ্চের জন্য সফিপুর লঞ্চঘাট এলাকায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে দু’চোখ উপড়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে শরিয়তপুরের গোসাইরহাট, বরিশালের মুলাদী ও মাদারীপুরের কালকিনি থানা-পুলিশ তাকে উদ্ধার করে। পরে গুরুতর অবস্থায় কালকিনি থানার পুলিশ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে, কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে তাৎক্ষণিক কিছুই জানাতে পারেনি পুলিশ।