মাদারীপুরে ধর্ষণ, ঢাকায় যৌন নিপীড়নের শিকার স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে যুবলীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার শিকার ছাত্রীটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। অন্য ঘটনায় রাজধানীতে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সবুজবাগ এলাকার আওয়ামী লীগের নেতা মাসুদ পারভেজ আকন্দকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মাদারীপুরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় কালকিনি থানায় মামলা হয়েছে। মামলায় বলা হয়, ১২ মার্চ রাতে নিজ ঘরের সামনে থেকে খোকা শিকদার ও তাঁর তিন সহযোগী এলাহী কোতোয়াল, শওকত শিকদার ও লালন শিকদার ওই ছাত্রীকে মুখ চেপে ধরে অপহরণ করেন। তাঁরা মেয়েটিকে আধা কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যান। সেখানে তিন সহযোগীর সহায়তায় খোকা তাকে ধর্ষণ করেন। পরদিন ভোর পাঁচটার দিকে তাঁরা মেয়েটিকে পাশে জলিল নামের এক ব্যক্তির বাড়িতে ফেলে রেখে যান। খবর পেয়ে স্বজনেরা মেয়েটিকে উদ্ধার করেন।
ছাত্রীটির বাবা অভিযোগ করেন, ধর্ষকেরা দুদিন তাঁর বাড়ি ঘেরাও করে রাখেন, যাতে তিনি থানায় মামলা করতে না পারেন। কিন্তু সুযোগ বুঝে বুধবার রাতে তাঁরা সপরিবার বাড়ি থেকে পালিয়ে মেয়েকে হাসপাতালে নিয়ে যান এবং চার ধর্ষকের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা করেন। এখন আসামিরা তাঁর বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে বলছেন, পরিবারের কাউকে পেলেই খুন করা হবে। তিনি জানান, খোকা শিকদার এলাকায় খুব প্রভাবশালী। এক বছর ধরে স্কুলে আসা-যাওয়ার পথে তিনি মেয়েটিকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি তাঁর পরিবারের সদস্য ও এলাকার মুরব্বিদের জানানো হয়। খোকা যুবলীগের রাজনীতি করেন। তাঁর সহযোগীরা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বলে তিনি জানান।
গতকাল দুপুরে কালকিনির জাজিরা গ্রামে খোকা শিকদারের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁর ভাই রমজানপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রোকন শিকদার প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে খোকা বাড়িতে আসছেন না।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ধর্ষণের শিকার মেয়েটি ঢাকায় চিকিৎসাধীন থাকায় তার জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি।
মাদারীপুরের পুলিশ সুপার সারোয়ার হোসেন বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাজধানীর সবুজবাগ এলাকার আওয়ামী লীগের নেতা মাসুদ পারভেজ আকন্দকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার দুপুরে পূর্ব বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুছ ফকির প্রথম আলোকে বলেন, ছাত্রীর করা মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার মাসুদ পারভেজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কদমতলা-পূর্ব বাসাবো এলাকার একটি স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য। মামলার এজাহারে বলা হয়েছে, গত সোমবার মাসুদ পারভেজ এক ছাত্রীকে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন।
অভিযোগ সম্পর্কে জানতে মাসুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কেউ কথা বলতে রাজি হননি।
স্কুল ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষায় সাজেশন দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে মাসুদ পারভেজ ডেকে নিয়ে যান। এ সময় যৌন নিপীড়ন করেন। ওই ছাত্রী ঘটনাটি মৌখিকভাবে স্কুল কর্তৃপক্ষকে জানালেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। মাসুদ পারভেজ ও তাঁর লোকজন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ধীরে ধীরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। গতকাল সকালে এর প্রতিবাদে স্কুলের সামনে মানববন্ধন করে ছাত্রীরা।