মাদারীপুরে নদ-নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন
মাদারীপুরে পাঁচটি নদ-নদীর ৩২টি স্থানে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। বছরের পর বছর প্রভাবশালী একটি মহল সেখান থেকে বালু তুলে বিক্রি করছে। এতে নদ-নদীপাড়ের মানুষের ঘরবাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
সরেজমিন ও খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার কুলপদ্বীর আড়িয়াল খাঁ নদের তিনটি স্থান, শহরের পুরোনো ট্রলারঘাটের পাশে দুটি ও শিবখাঁড়া এলাকায় কুমার নদে দুটি স্থানে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় চারটি স্থান ও আলীনগর ইউনিয়নের সস্তাল এলাকার পালরদী নদীতে তিনটি, রাজৈর উপজেলার টেকেরহাটে কুমার নদে তিনটি ও হোসেনপুরে আড়িয়াল খাঁ নদে তিনটি এবং শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেকপুরের বিল পদ্মা-খ নদে তিনটি, দত্তপাড়ায় আড়িয়াল খাঁ নদে পাঁচটি ও বহেরাতলায় বিল পদ্মা-ক নদীতে চারটি স্থানে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।
এ দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জন্য নির্মিত হাজী শরীয়তউল্লাহ সেতুটির দুই পাড়ে তিনটি খননযন্ত্র বসিয়ে প্রায় পাঁচ বছর ধরে তোলা হচ্ছে বালু। ফলে ঝুঁকিতে রয়েছে সেতুটি। সেতুটির নিচে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার প্রায় অর্ধশত বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
স্থানীয় বাসিন্দা মিন্টু মাতুব্বর বলেন, ‘এ বছর আড়িয়াল খাঁ নদ থেকে পাঁচ-সাতটি ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। আমাদের কয়েকটি গাছ নদীতে বিলীন হয়ে গেছে। বালু তুলতে নিষেধ করলেও তারা ক্ষমতার প্রভাব দেখায়। মুখ বুজে সব দেখতে হচ্ছে।’
একই এলাকার বাসিন্দা শাহিমা বেগম বলেন, ‘ড্রেজার মেশিন দিয়ে বালু তোলায় প্রতিবছরই বর্ষায় নদীর পাড় ভেঙে যায়। আর নদীর পাড়েই আমাদের বাড়ি। বাড়ি বিলীন হয়ে গেলে আমরা কোথায় থাকব?’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের শেখপুরে বিল পদ্মা নদ থেকে বালু তুলছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম মওলা। তিনি দুটি খননযন্ত্র বসিয়ে পাইপ দিয়ে প্রায় ৫০০ ফুট দূরে একটি পুকুর ভরাট করছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘অন্যায়ভাবে কিছু করিনি। প্রশাসন থেকে অনুমতি নিয়েই বালু তুলছি।’
অন্যদিকে আড়িয়াল খাঁ ও কুমার নদের অংশে একাধিক খননযন্ত্র বসিয়ে বালু তুলছেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন। এ সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা অনুমতি ছাড়া কোনো কাজ করি না। আমাদের নাম ব্যবহার করে অন্যরা নদী থেকে বালু তুলছে। সরকারিভাবে নদী খননের কাজের দরপত্র পেলে আমরা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করি।’
সদর উপজেলার আড়িয়াল খাঁ নদের কুলপদ্বী অংশের বালু ব্যবসায়ী মুজাম সরদার বলেন, ‘প্রশাসনের লোক আমাদের ধরবে না। আর বালু তুলতে নিষেধও করবে না। ডিসি সাহেব (জেলা প্রশাসক) আমাদের অনুমতি দিয়েছেন।’ লিখিত অনুমতি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘জেলা প্রশাসনের এলআর ফান্ডে কিছু টাকা দিলে মৌখিক অনুমতি আনা যায়। এভাবেই আমরা বালু উত্তোলনের ব্যবসা করে থাকি।’
বাঁশকান্দি এলাকার ফারুক শিকদার নামে আরও এক বালু ব্যবসায়ী বলেন, ‘প্রশাসনকে বলেছি। তারা মৌখিকভাবে বালু তোলার অনুমতি দিয়েছে। তাই ড্রেজার দিয়ে বালু তুলে একটি পুকুর ভরাট করছি। তারা (প্রশাসন) যদি নিষেধ করে, বালু তুলব না।’
জানতে চাইলে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ‘ড্রেজার দিয়ে যাঁরা বালু উত্তোলন করছেন, তাঁদের কোনো অনুমতি প্রশাসন দেয়নি। অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেলে আমরা ব্যবস্থা নিই। এ বিষয়ে সব সময় আমাদের উদ্যোগ আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো), মাদারীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পার্থপ্রতিম সাহা বলেন, ‘বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভাঙছে—এমন অভিযোগ পেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জানাতে পারি। এর বাইরে কিছুই করার থাকে না।’