মাদারীপুরে পুলিশের লাঠিচার্জ বিএনপির কর্মিসভা পণ্ড

মাদারীপুর জেলা বিএনপির যৌথ কর্মিসভা পুলিশের লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়েছে। পুলিশ ২০ জনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির সব অঙ্গসংগঠন নিয়ে এক যৌথ কর্মিসভার আয়োজন করে জেলা বিএনপি। সেই অনুযায়ী গত মঙ্গলবার জেলা পুলিশের কাছে বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হলে তা মেলেনি। তাই সকালে কর্মিসভার জন্য দলীয় লোকজন চরমুগয়িরা বন্দর এলাকায় জড়ো হলে পুলিশ লাঠিচার্জ করে তা পণ্ড করে দেয়। এ সময় দলের ১৫ কর্মী আহত হয়েছেন। তাঁদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় ২০ জনকে আটক করেছে পুলিশ।
আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তাঁরা হলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী রাসেল খান (৪২), সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক গাউছ-উর-রহমান (৪৫), এনামুল মজুমদার (২৮), কামাল খান (৩০) ও টিপু মুনশি (৩৫)। অন্যদের নাম জানা যায়নি।
এই কর্মিসভা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান, জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক আবু মুনশি, বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহানসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত উপস্থিত ছিলেন।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন কুমার দেব বলেন, চরমুগরিয়া এলাকায় বিএনপির দুই গ্রুপ পুলিশের কোনো অনুমতি ছাড়াই মিটিং-মিছিল করছিল। এ ছাড়া তারা চরমুগরিয়া এলাকার ব্যস্ত সড়কটি অবরোধ করে সমাগম করার চেষ্টা চালাচ্ছিল। তাই তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় কেউ কেউ ভাঙচুর ও ইট ছুড়লে তাদের মধ্যে কয়েকজনকে আটক করে পুলিশ।
মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান বলেন, ‘পরিকল্পিতভাবে পুলিশ আমাদের যৌথ কর্মিসভা লাঠিচার্জ করে পণ্ড করে দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। যেসব নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে, তাদের মুক্তির দাবি জানাই।’
মাহাবুব উদ্দিন খোকন পুলিশের এই কর্মকাণ্ডের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে এই কর্মিসভায় ব্যাঘাত ঘটিয়েছে। তাদের কারণে আজ এই সভা স্থগিত করে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ জানে জনগণ তাদের সঙ্গে নেই। তাই তারা পুলিশ প্রশাসনকে হাতে রেখে ক্ষমতায় টিকে আছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ যতই যা করুক, তাদের নৌকাকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া হবে।