মাদারীপুরে মানব পাচার মামলায় জুলহাস কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় গুলিতে মাদারীপুরের ১১জন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য জুলহাস সরদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইদুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জুলহাস সরদার (৩৫) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে জেলা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার সত্যবতী গ্রামের আবদুল মজিদ সরদারের ছেলে। মঙ্গলবার দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে তাঁকে আদালতে নিয়ে যায় পুলিশ।

গত ২৮ মে লিবিয়ার মিজদাহ এলাকায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মানব পাচারকারীরা। এর মধ্যে ১১ জনের বাড়ি মাদারীপুরের বিভিন্ন এলাকায়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত জাহান জানান, এ ঘটনায় নিহত ব্যক্তি রাজৈরের বিদ্যানন্দী গ্রামের মানিক হাওলাদারের বাবা শাহ আলম হাওলাদার বাদী হয়ে জুলহাস সরদারসহ ৪ জনের নাম উল্লেখ্য করে রাজৈর থানায় মানব পাচার আইনে একটি মামলা করেন। এর আগেই জুলহাস সরদার করোনায় সংক্রমিত হয়ে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। মঙ্গলবার দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

এদিকে জুলহাসের বিরুদ্ধে নিহত লোকজনের স্বজনেরা মানব পাচার আইনে চারটি মামলা করেছেন। লিবিয়ায় নিহত বিদ্যানন্দী গ্রামের জুয়েলের বাবা রাজ্জাক হাওলাদার বাদী হয়ে দালাল জুলহাস সরদারসহ চারজনের নামে মানব পাচার আইনে একটি মামলা করেছেন রাজৈর থানায়। এ ছাড়া বদরপাশা এলাকার নিহত রহিম খালাসির ভাই আবুল খায়ের খালাসি বাদী হয়ে রাজৈর থানায় আরও একটি মামলা করেছেন। এই মামলায় জুলহাস সরদারসহ সাতজনকে আসামি করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের মুকসুদপুর থানায়ও জুলহাস সরদারের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেন বামনডাঙ্গা গ্রামের নিহত সুজন মৃধার পিতা কাবুল মৃধা।