মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৫
মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে জুয়েল মৃধা (৪০) নামের এক যুবককে গতকাল শনিবার সকালে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে।
নিহত জুয়েল মৃধার বাড়ি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইছাগুরা গ্রামে। তাঁর বাবার নাম নান্না মৃধা।
পুলিশ ও এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জুয়েল মৃধার সঙ্গে একই গ্রামের রশিদ খানের ছেলে আবুল খান, গিয়াস উদ্দিন খান ও হেলাল খানের বিরোধ ছিল। গতকাল সকাল ১০টার দিকে জুয়েল বাড়ির পাশের চৌরাস্তা বাজারে যান। এ সময় বোমা ফাটিয়ে তাঁকে ধাওয়া করেন আবুল, গিয়াস, হেলালসহ ২০-২৫ জন। একপর্যায়ে জুয়েলকে ধরে পাশের একটি বাগানে নিয়ে কুপিয়ে ফেলে রেখে যান তাঁরা। স্বজনেরা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
জুয়েলের বাবা নান্না মৃধা বলেন, জুয়েল ঢাকায় দিনমজুরের কাজ করতেন। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সম্প্রতি তিনি গ্রামে আসেন। কয়েক দিনের মধ্যেই তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। তিনি হত্যাকারীদের শাস্তি দাবি করেন।
পুলিশ বলছে, রশিদ খানের তিন ছেলে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চান মিয়া সরদার, সবুজ সরদার, রিয়াদ সরদার, আবু তালেব ও মাফিয়া পারভীন নামের পাঁচজনকে আটক করেছে পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক পাঁচ ব্যক্তিকে থানায় রাখা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।