মাদারীপুরে সমর্থককে হত্যা, ঈশ্বরগঞ্জে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় মাদারীপুর ও ময়মনসিংহে দুজন প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যে মাদারীপুরের কালকিনিতে গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত আওয়ামী লীগের এক কর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
এ ছাড়া জামালপুর ও রাজবাড়ীতে নির্বাচনী সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৩১ জন।
এ নিয়ে সারা দেশে নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ৫৫ জনের প্রাণহানি হলো। আহত হয়েছে দেড় হাজারের বেশি মানুষ।
ঢাকার বাইরের প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মাদারীপুর: কালকিনি উপজেলার সাহেব রামপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল মোল্লার সমর্থক কালু সিকদারকে (৩৯) কুপিয়ে হত্যা করেছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিম সরদারের সমর্থকেরা। মুদি দোকানি কালু সিকদারের বাড়ি ইউনিয়নের আন্ডারচর গ্রামে।
নিহত কালুর পরিবারের সদস্যরা বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী সেলিম সরদারের সমর্থকেরা কালু সিকদারের দোকান ও বসতঘর ভাঙচুর করেন। রাত দেড়টার দিকে কয়েকজন তাঁকে ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে বাড়ির কাছে ফেলে রেখে যান। গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কালু সিকদারের স্ত্রী রোজিনা আক্তার বলেন, ‘আমার স্বামী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ছিল, এটাই তার অপরাধ। সেলিম সরদারের লোকজন ঘর থেকে তুলে নিয়ে আমার স্বামীকে মেরে ফেলেছে। আমি বাধা দিতে এগিয়ে গেলে তারা আমাকেও মারধর করে।’
অভিযোগ সম্পর্কে সেলিম সরদার বলেন, ‘কালু সিকদারকে কে বা কারা হত্যা করেছে তা আমার জানা নেই। আমার কোনো সমর্থক এ ঘটনার সঙ্গে জড়িত নয়।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, হত্যার ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে। খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নে নির্বাচনের আগে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আওয়ামী লীগের কর্মী মো. মজিবুর রহমান (৬০) মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের বড় ভাই।
স্থানীয় লোকজন বলেন, নির্বাচনের আগে গত ১৮ এপ্রিল আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী কাদির আহমেদ ভূঁইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের সাত-আটজন গুরুতর আহত হন। তাঁদের মধ্যে মজিবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
হাবিবুর রহমান বলেন, ১৫ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তাঁর বড় ভাই মারা যান।
জামালপুর: জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের প্রার্থী জুবায়ের হাসানের কর্মীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামালের কর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন। এ সময় বাড়িঘর, দোকান ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন বলেন, পুলিশ শটগানের ৭৩টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় চারটি মামলা হয়েছে।
রাজবাড়ী: জেলার সদর উপজেলার দাদশী ইউনিয়নে ইউপি সদস্য পদপ্রার্থী রঞ্জন কুমার সেনকে (৩৫) মঙ্গলবার রাতে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। ইউনিয়নের সিংগা বাজারে এ ঘটনা ঘটে। রঞ্জন ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
আহত রঞ্জনের ভাই নিকুঞ্জ কুমার সেন এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশারফ হোসেনকে প্রধান আসামি করে সদর থানায় মামলা করেন।
সদর থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে কোপানোর ঘটনা ঘটেছে। এজাহারভুক্ত প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।