মাদারীপুরের আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
গ্রেপ্তার

মাদারীপুরে আওয়ামী লীগ নেতা কবির মৃধার দুই চোখ উপড়ে ফেলার মামলার আসামি চান মিয়া শিকদার ওরফে চান্দু শিকদারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চান মিয়া মাদারীপুর জেলার কালকিনি থানার দক্ষিণ বাঁশগাড়ি গ্রামের মৃত ছাদেক আলী শিকদারের ছেলে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা খান জানান, সোমবার রাতে পুলিশের একটি দল মাদক উদ্ধার অভিযানে বের হলে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় চান্দু শিকদারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে ভুল তথ্য দেন। পরে তাঁকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে জানান, তিনি মাদারীপুরের একটি মামলার আসামি। মাদারীপুর থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

এসআই আরও জানান, তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। মাদারীপুর থানা-পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ওই মামলার তদন্ত কর্মকর্তা মাদারীপুরের কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার সাহার বরাত দিয়ে এসআই মোস্তফা খান জানান, গত ৩ মে কালকিনি থানা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কবির মৃধার দুই চোখ উপড়ে তুলে নেওয়ার মামলার ২০ আসামির মধ্যে চান মিয়া শিকদার ৬ নম্বর আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এর আগে এ মামলার আরও তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চান মিয়ার বিরুদ্ধে এ ছাড়াও বিভিন্ন অভিযোগে আরও বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।