মাদ্রাসা অধ্যক্ষের পিটুনিতে ছাত্র হাসপাতালে
ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদ্রাসার অধ্যক্ষ মাদ্রাসার এক ছাত্রকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। গত বুধবার চিকিৎসার জন্য ওই ছাত্রকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নির্যাতনের শিকার মাদ্রাসাছাত্র সাইফুর রহমান (১৬) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগর দীঘিরপাড়ের আবদুল কাদির মিয়ার ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর এলাকার মীর শাহাবুদ্দিন (রহ.) দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
নির্যাতিত ছাত্রের স্বজনেরা অভিযোগ করেন, কয়েক দিন আগে সাইফুর মাদ্রাসা পরিবর্তন করে শহরের পুনিয়াউট মোড়ের মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় একই বিভাগে ভর্তি হন। বিষয়টি জানতে পেরে আগের মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সাইফুল ইসলাম মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে মাদ্রাসায় ডেকে আনেন। ওই দিন অধ্যক্ষ তাকে নিজ কক্ষে রাত ১০টা পর্যন্ত আটকে রাখেন। এ সময় তিনি বেত দিয়ে তাঁর পিঠে আঘাত করেন। এতে পিঠের একাধিক স্থান ফুলে যায়। একপর্যায়ে মাদ্রাসার অধ্যক্ষ সাইফুরের কাছ থেকে টাকা নিয়ে স্ট্যাম্প কিনে আনেন। পরে অলিখিত অবস্থায় ওই কাগজে তার সই রাখেন।
অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ‘ওই ছাত্র অন্য জায়গায় ভর্তি হয়ে আমার মাদ্রাসার ছাত্রদের সেখানে নেওয়ার চেষ্টা করেছিল। তাই তাঁকে মারধর করেছি।’