মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ
পিরোজপুরের জিয়ানগর উপজেলার বৌডুবি রাবেয়া খাতুন হাফেজি মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরোধীয় জমি দখল এবং প্রতিপক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
গতকাল রোববার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রেজাউল ইসলাম ও তাঁর বোন মামলার ২ নম্বর আসামি সুমনা ইসলাম এ অভিযোগ করেন।
রেজাউল ইসলাম লিখিত বক্তব্যে জানান, তাঁর বাবা মৃত নূরুল ইসলাম ২০০২ সালে উপজেলার বাড়ৈখালী মৌজার ১৯ শতাংশ নাল জমি মফিজুল ইসলাম ও আলামিন ইসলামের কাছে বিক্রি করেন। ২০১০ সালে ওই জমি মফিজুল ইসলাম ও আলামিন ইসলামের কাছ থেকে মাহবুবুল আলম বৌডুবি রাবেয়া খাতুন হাফেজি মাদ্রাসার নামে কিনে নেন। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ নাল জমি কিনে মৃত নূরুল ইসলামের বসতবাড়ির জমি দখলের পাঁয়তারা চালায়। ১১ আগস্ট রেজাউল ইসলাম ও সুমনা ইসলাম ওই জমি দখলে বাধা দেন। এ ঘটনার পর ১৬ আগস্ট মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল হালিম খলিফা বাদী হয়ে রেজাউল ইসলামকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫৫ জনকে আসামি করে পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন।
রেজাউল ইসলাম বলেন, তাঁর বাবা ৩০৭১ নম্বর দাগের নাল জমি মফিজুল ইসলাম ও আলামিন ইসলামের কাছ বিক্রি করেন। অথচ তাঁরা ২৯৮৫ নম্বর দাগ দলিলভুক্ত করে ওই জমি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে ৫ আগস্ট ওই দলিল বাতিল ঘোষণার আবেদন করে আদালতে মামলা করা হয়। ১১ আগস্ট মাদ্রাসা কর্তৃপক্ষ বিরোধীয় জমিতে স্থাপনা তুলতে গেলে তাঁরা বাধা দেন। মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেরা পাকা ভবন করার জন্য আধা পাকা স্থাপনা ভেঙে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। এ ছাড়া তাঁর চাচাতো ভাই মো. ইমরান গত ২৯ জুলাই মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করলে আদালত ২৯৮৫ নম্বর দাগের ওপর ১৪৪ ধারা জারি করেন।
মাদ্রাসার পরিচালক আমিরুল ইসলাম বলেন, ‘নূরুল ইসলামের নামে থাকা নাল জমিতে ১৯ শতাংশ জমি না থাকায় আমরা বসতবাড়ির জমি ভোগদখল করছি। ১১ আগস্ট রেজাউল ইসলাম লোকজন নিয়ে আমাদের মাদ্রাসার দুটি ঘর ভেঙে দখলের চেষ্টা করেন।’
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মামলার বাদী আবদুল হালিম খলিফা মুঠোফোনে বলেন, ‘আসামিরা অনেক দিন ধরে আমাদের কাছে চাঁদা দাবি করে আসছে।’ দেরিতে মামলা করার কারণ জানতে চাইলে তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।
১৩ আগস্ট প্রথম আলোয় ‘পিরোজপুরের জিয়ানগর উপজেলা/জমি নিয়ে বিরোধ, মাদ্রাসার ঘর ভেঙে দিল এক পক্ষ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।