মাদ্রাসা ছাত্রকে নির্মম পিটুনি, তিন শিক্ষক হাজতে

দিনাজপুরে নয় বছরের এক মাদ্রাসাছাত্রকে অমানুষিকভাবে পিটিয়ে রক্তাক্ত করার জন্য তার তিন শিক্ষককে আজ মঙ্গলবার আটক করেছে পুলিশ। গত শুক্রবার আবু সাঈদ নামের শিশুটিকে পেটানো হলেও গতকাল সোমবার বিষয়টি তার অভিভাবকেরা জানতে পারেন। শিশুটিকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, নির্যাতনকারী তিন শিক্ষকের বিরুদ্ধে আজ মঙ্গলবার রাতে মামলা করার প্রস্তুতি চলছিল।
কোতোয়ালি থানার ওসি মো. খালেকুজ্জামান বলেন, সদর উপজেলার জয়রমাপুর মাকিহারী ও কমলপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ হাফেজ মো. শরিফুল ইসলাম, হাফেজ মো. রেজাউল ইসলাম ও মাওলানা মো. রিয়াজুল ইসলামকে আটক করে। তাঁরা কমলপুর নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
সাঈদের চিকিৎসক সহকারী অধ্যাপক মো. বোরহান উদ্দিন আজ বলেন, প্রচণ্ড আঘাতের কারণে শিশুটির শরীরের অনেক স্থানে রক্ত জমাট বেঁধে আছে। মানসিকভাবে সে বিপর্যস্ত।
গতকাল বিকেলে সদর উপজেলার জয়রামপুর গ্রামে শিশু সাঈদের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে বাবা মো. হাসান আলী, মা সহিদা বানু, ভাই-বোন ও প্রতিবেশীরা তাকে ঘিরে রয়েছে। তার কোমর থেকে দুই পায়ে অসংখ্য আঘাতের চিহ্ন। এ ছাড়া পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশেও আঘাতের চিহ্ন আছে।

শিশু সাঈদ দুই বছর ধরে ওই মাদ্রাসায় পড়াশোনা করে। ঘটনা সম্পর্কে তার ভাষ্য, কয়েকদিন আগে হিফজখানার তিনজন ছাত্র তাদের টাকা চুরি গেছে বলে শিক্ষকদের কাছে অভিযোগ করে। গত শুক্রবার জুম্মার নামাজের পর ওই তিন শিক্ষক যে টাকা নিয়েছে তাকে টাকা বের করে দিতে বলেন। তখন সব ছাত্রই টাকা চুরির কথা অস্বীকার করে। শিক্ষকেরা তাদের কঠিন শাস্তির ভয় দেখান। কিন্তু তারপরও কেউ স্বীকার না করলে শিক্ষকেরা ঘরের মেঝেতে ছাত্রদের লাইন করে দাঁড় করান। বলেন, যার বুক ঢিপ ঢিপ করবে সেই চোর। এরপর শিক্ষকেরা সব ছাত্রের বুকে হাত ও কান লাগিয়ে পরীক্ষা করতে থাকেন।
আবু সাঈদের বুক বেশি ঢিপ ঢিপ করায় শিক্ষকেরা চুরির দায়ে তাকে দোষী সাব্যস্ত করেন। সাঈদ বলে, ‘হুজুরদের হাত-পা ধরি আমি বার বার কহিছি, আমি টাকা চুরি করিনি। কিন্তু হুজুররা শুনেনি। উল্টা কহিছে, তাহিলে তোর বুক এত ধড়ফড়াছে কেনে? ’ শিশুটির ভাষ্য, এরপর তাকে লাইন থেকে বের করা হয়। শিক্ষকেরা রশি দিয়ে তার হাত-পা বাঁধেন। দুজন শিক্ষক তার মাথা ও হাত চেপে ধরেন। এরপর বাঁশের তিনটি মোটা কঞ্চি এক করে বেঁধে তিন শিক্ষক পালাক্রমে তার পায়ে পেটাতে থাকেন। একজন শিক্ষক তার মাথায় কয়েকটি আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে আবার পেটানো হয়। শিক্ষকেরা এই ঘটনার কথা কারও কাছে প্রকাশ না করতে ছাত্রদের সতর্ক করেন। নইলে সাঈদের মতো কঠিন শাস্তি দেওয়ার হুমকিও দেন।
শিশুটির মা সহিদা বানু বলেন, গত রোববার রাতে প্রতিবেশীর কাছে ছেলের নির্যাতনের খবর পেয়ে তিনি পরদিন সোমবার সকাল আটটার দিকে মাদ্রাসায় যান। ছেলের ওপর নির্যাতনের কারণ জানতে চান শিক্ষকদের কাছে। শিক্ষকেরা তাঁকে ধমক দিয়ে মাদ্রাসা থেকে চলে যেতে বলেন। মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে তিনি স্থানীয় কমলপুর বাজারের পল্লী চিকিৎসক জসিম উদ্দিনের কাছে যান। তখন শিক্ষকদের হাতে ছেলের নির্যাতনের কথা জানাজানি হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ওই চিকিৎসক স্থানীয় কয়েক শ মানুষকে নিয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের কাছে কৈফিয়ত দাবি করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ লোকজন শিক্ষকদের ঘরে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। পরে সন্ধ্যায় সাঈদকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মাদ্রসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মো. গোলাম মোস্তফা বলেন, এক শিক্ষক তাঁকে ফোন করে মাদ্রাসায় গোলমাল হওয়ার কথা জানান। তিনি মাদ্রাসায় এসে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে প্রতিবাদকারীরা শান্ত হন। শিশুদের নির্যাতন করা নিষেধ আছে—জানিয়ে তিনি ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন। আর বিষয়টি মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতির মাধ্যমে সালিশে মিমাংসা করা হবে বলে তিনি জানান।
যোগাযোগ করা হলে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কমলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাজেদুর রহমান বলেন, গ্রামের লোকজনদের সঙ্গে নিয়ে কীভাবে সমস্যার সমাধান করা যায়, তার ব্যবস্থা করা হবে।