মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজ শুক্রবার কুশাখালী ইউনিয়নের কালিবিত্তি গ্রামের রাশেদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে আজ সকালেই সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় ওই ছাত্রীর ভাই বাদী হয়ে রাশেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৬ আগস্ট কুশাখালী ইউনিয়নের একটি গ্রামের মাদ্রাসা ছুটি শেষে বাড়ি যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে রাশেদ কৌশলে কালিবিত্তি এলাকার নতুন বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে ধর্ষণ করে। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই ছাত্রীকে উদ্ধার করেন। এ সময় সেখান থেকে পালিয়ে যায় রাশেদ। ওই ছাত্রীর পরিবারকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা না করার কথা বলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেয় প্রভাবশালী একটি চক্র। কিন্তু দীর্ঘদিন ধরে বিচার না পেয়ে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিচার চেয়ে সম্প্রতি একটি আবেদন করা হয়।

ঘটনার সত্যতা পেয়ে ইউএনও মামলা নিতে বলার পর চন্দ্রগঞ্জ থানা আজ শুক্রবার মামলাটি গ্রহণ করে। মামলার পর সকালেই ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ রাশেদকে গ্রেপ্তার করে। দুপুরের দিকে আদালতে হাজির করার পর বিচারিক হাকিম রাশেদকে কারাগারে পাঠানোর পাশাপাশি ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেন।