মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর গুলিস্তানের আহাদ পুলিশ বক্স-সংলগ্ন মদিনাতুল মাদ্রাসা থেকে এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোররাতে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ জিদান (১৩)। বাবার নাম হাফিজ উদ্দিন। বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের ঢালুরশেরি গ্রাম।
মাদ্রাসার হাফিজি বিভাগের প্রধান শিক্ষক মোহাম্মদ মইনুদ্দিনের ভাষ্য, ভোররাত সাড়ে ৩টার দিকে তিনি তাঁর কক্ষের পাশের শৌচাগারে যাচ্ছিলেন। এ সময় তিনি শৌচাগারের কাছের হাউসের পাশে জিদানের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। সবাইকে তিনি ডেকে তোলেন। কাছে গিয়ে জিদানকে শ্বাসনালি কাটা অবস্থায় পান। পরে পল্টন থানার পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশের ভাষ্য, মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক মোহাম্মদ রাফসান ও শিশুপার্ক কেন্দ্রীয় মসজিদের ইমাম মোহাম্মদ মোজাম্মেলের সহায়তায় জিদানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ভোররাত সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ময়নাতদন্তের জন্য জিদানের লাশ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষক মইনুদ্দিনকে থানায় নিয়েছে পল্টন থানার পুলিশ।