মাদ্রাসা বোর্ডের সেই কর্মচারী নেতা সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক কিশোরকে পিটিয়ে পা ভাঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মচারী নেতা এস এম মহিউদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্লা প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, আজ বৃহস্পতিবার থেকে এই আদেশ কার্যকর হবে।
১৪ বছরের কিশোর বিপ্লব সরদার মাদ্রাসা শিক্ষা বোর্ডে খাতা বাঁধাইয়ের কাজ করত। গত শুক্রবার বিনা কারণে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শন শাখার উচ্চমান সহকারী ও কর্মচারীদের সংগঠন সিবিএর সাংগঠনিক সম্পাদক এস এম মহিউদ্দিন লাঠি দিয়ে পিটিয়ে এই কিশোরের পা ভেঙে দেন। বিপ্লব এখন ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।