মাদ্রাসাছাত্রকে ঝুলিয়ে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত শুক্রবার মাদ্রাসাছাত্রকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
আহত শিক্ষার্থী আরিফুল ইসলাম ওরফে শুভ (১২) ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন। সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতঘরিয়া গ্রামের এয়াকুব নবীর ছেলে।
তিন সপ্তাহ আগে আরিফুল ইসলামকে ফেনী শহরের হাজারী সড়কের মিছবাহুল কোরআন ওয়াস্ সুন্নাহ মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে ভর্তি করা হয়।
হেফজ বিভাগের ছাত্র আরিফুলের ভাষ্যমতে, শুক্রবার সকালে সে বাড়ি যাওয়ার জন্য শিক্ষক মোশাররফ হোসেনের কাছে ছুটি চায়। কিন্তু শিক্ষক তাকে ছুটি দেননি। বিকেলে সে আবারও ওই শিক্ষকের কাছে ছুটি চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে (আরিফুল) এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে সে পালিয়ে বাথরুমে আশ্রয় নেয়। পরে তাকে বাথরুম থেকে বের করে এনে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে ক্রিকেট ব্যাট ও স্টাম্প দিয়ে পেটানো হয়। এ সময় তাকে বলা হয়, বিষয়টি কাউকে জানালে তাকে আবারও পেটানো হবে। এরপর তাকে মাদ্রাসার একটি কক্ষে আটকে রাখা হয়। শনিবার বিকেলে তার বাবা মাদ্রাসায় এলে সে তাঁকে বিষয়টি জানায়। এরপর তার বাবা তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন।
মাদ্রাসার শিক্ষক মো. মোশাররফ হোসেন ঘটনার পর থেকে পলাতক। এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ফেনী সদর ইউএনও পি কে এম এনামুল করিম গতকাল রোববার ওই মাদ্রাসা পরিদর্শন করেন। তিনি অভিযুক্ত শিক্ষককে দ্রুততম সময়ের মধ্যে হাজির করতে মাদ্রাসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
মাদ্রাসার পরিচালক মাওলানা ইউনুছ ইদরীস বলেন, ‘বিষয়টি অমানবিক। অভিযুক্ত শিক্ষকের বাড়ি নাটোরে। তাঁকে মাদ্রাসায় হাজির হতে বলা হয়েছে।’
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষক পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ছারওয়ার জাহান জানান, আহত ওই ছাত্রের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের অনেক চিহ্ন আছে।