মাদ্রাসাছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ
নেত্রকোনায় সদর উপজেলার এক শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রের মা গত সোমবার ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই ছাত্রের নাম মো. আরাফাত হোসেন (৬)। সে পূর্বধলা উপজেলার সুজাতপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার পশ্চিম উল্লাটি হাফিজিয়া মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী মো. আরাফাত হোসেন চার মাস ধরে ওই মাদ্রাসার ছাত্রাবাসে থাকত। সে প্রায়ই ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে। এ কারণে মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম তাকে শারীরিক শাস্তি দিতেন। গত ২৮ ডিসেম্বরও প্রস্রাব করায় শফিকুল ইসলাম তাকে বাঁশের কঞ্চি দিয়ে বেদম পিটুনি দেন। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ কেটে যায় এবং পায়ে, পিঠে ও বুকে আঘাত লাগে। খবর পেয়ে অভিভাবকেরা মাদ্রাসায় গিয়ে তাঁকে দুপুরে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে শিশুর মা জুলেখা বেগম গত সোমবার রাতে পূর্বধলা থানায় লিখিত এজাহার করেছন।
শিশুটির মা জুলেখা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার বাচ্চাটারে হুজুর যেভাবে মেরেছেন, কোনো পশুকেও এভাবে মানুষ মারে না। আমার ছেলে বিছানায় প্রস্রাব করে দেয় বলে আমি আলাদা বিছানা করে তাতে ওয়ালক্লথ দিয়েছি। তবু তিনি এভাবে তাকে মেরেছেন। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ‘বিছানায় প্রস্রাব-পায়খানা করার কারণে আমি শিশুটিকে দু-চারটি হালকা বেত্রাঘাত করেছি। তা তেমন গুরুতর কিছু নয়। কিন্তু এখন তার অভিভাবকেরা আমার বিরুদ্ধে বাড়িয়ে বলছে।’
এ বিষয়ে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. হাবিবুর রহমান বলেন, শিশুটিকে নির্মমভাবে পেটানো হয়েছে। তবে সে এখন আশঙ্কামুক্ত।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, ঘটনাস্থল নেত্রকোনা সদর থানার অন্তর্ভুক্ত হওয়ায় অভিযোগটি মঙ্গলবার সকালে ওই থানায় পাঠানো হয়েছে। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে বেত্রাঘাতের দাগ রয়েছে।