মাদ্রাসাছাত্রী ও শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী ও কক্সবাজারের চকরিয়ায় পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।

সাতকানিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় আবু বক্কর ছিদ্দিক (২২) নামের এক তরুণকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

স্থানীয় জনপ্রতিনিধি দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সোমবার রাতে ঘরে একা পেয়ে ওই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করেন আবু বক্কর ছিদ্দিক। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর আবু বক্কর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। মঙ্গলবার বেলা একটার দিকে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেন।

ওই ছাত্রীর মা প্রথম আলোকে বলেন, সোমবার সন্ধ্যার দিকে মেয়েকে ঘরে রেখে পাশের গ্রামে অসুস্থ বাবাকে দেখতে যান তিনি। আবু বক্কর রাত নয়টার দিকে বাড়িতে ঢুকে তাঁর মেয়েকে একা পেয়ে ধর্ষণ করেন। পরে তিনি পালিয়ে যান।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, সপ্তম শ্রেণির ওই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন আবু বক্কর ছিদ্দিক নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা আবু বক্করকে আসামি করে থানায় মামলা করেছেন। শারীরিক পরীক্ষার জন্য ওই ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।

চকরিয়ায় ধর্ষণের শিকার হওয়া শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরে শিশুটির মা পাশের একটি বাড়িতে যান। এ সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। প্রতিবেশী রহিম উদ্দিন (১৮) নামের এক তরুণ বরই দেওয়ার নাম করে শিশুটিকে ঘরের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটি অজ্ঞান হয়ে গেলে রহিম পালিয়ে যান। জ্ঞান ফেরার পর শিশুটির মা বিষয়টি জানতে পারেন। এরপর শিশুটিকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করেন।

শিশুটির দাদা আলতাজ আহমদ বলেন, ‘আমার ছেলে (শিশুটির বাবা) ওমানপ্রবাসী। মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে কৌশলে বখাটে রহিম তাঁর নাতনিকে ধর্ষণ করেছে।’

স্থানীয় জনপ্রতিনিধি সোনা মিয়া প্রথম আলোকে বলেন, ‘সোমবার সকালে শিশুটির বাড়িতে গিয়ে কথা বলেছি। ঘটনার সত্যতা পাওয়ার পর পুলিশকে জানানো হয়েছে।’

মঙ্গলবার বিকেল চারটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী। মতিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিশুর পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁরা চিকিৎসার কাজে হাসপাতালে আছেন। মামলা নিতে থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।’