মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ
শেরপুরের ঝিনাইগাতীতে এক তরুণের বিরুদ্ধে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ওই ছাত্রী এ বিষয়ে আদালতে জবানবন্দি দিয়েছে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত রোববার ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হননি।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঝিনাইগাতীর দিঘিরপাড় গ্রামের এক তরুণ (৩০) গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীকে (১২) অপহরণ করে নিয়ে যান। পরে তিনি তাকে এক আত্মীয়ের বাড়িতে আটক রেখে ধর্ষণ করেন। বিষয়টি ছাত্রীর বাবা ঝিনাইগাতী থানার পুলিশকে শুক্রবার সকালে জানান। পরে পুলিশ শুক্রবার রাতে সেই বাড়িতে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার পর থেকে ওই তরুণ পলাতক রয়েছেন। উদ্ধারের পর ওই ছাত্রীকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে সে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ ন ম ইলিয়াছের আদালতে জবানবন্দি দিয়েছে।
ঝিনাইগাতী থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।