মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর মুক্তিপণ দাবি
বগুড়ার আদমদীঘি উপজেলার চাটখইর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের পর মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী।
এ ঘটনায় ওই ছাত্রীর মামা বাদী হয়ে আবুল কাসেম (২৮) নামের এক ব্যক্তিকে আসামি করে গত ২৯ অক্টোবর বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-২-এ মামলা দায়ের করেছেন। আবুল কাসেম উপজেলার নসরতপুর ইউনিয়নের চাটখইর গ্রামের বাসিন্দা।
মামলার আরজি সূত্রে জানা গেছে, ২৩ অক্টোবর সকাল ১০টার দিকে ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে আবুল কাসেম ও তাঁর সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে আবুল কাসেম মুঠোফোনে বাদীর কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ জন্য বাদীকে সাত দিনের সময় দেন। মুক্তিপণের টাকা না পেলে ওই ছাত্রীকে ভারতে নিয়ে বিক্রি করার হুমকি দেন।
আদালত বাদীর আবেদন শোনার পর অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য আদমদীঘি থানার ওসি মোসলেম উদ্দিনকে নির্দেশ দিয়েছেন।