মাদ্রাসাছাত্রীকে কুপিয়ে জখম করল বখাটেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে এলোপাতাড়ি কুপিয়েছে বখাটেরা। ধারালো অস্ত্রের আঘাতে মেয়েটির মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় কালারমারছড়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে কাছাকাছি স্থানে এক স্বজনের জন্য ভাত নিয়ে যাওয়ার সময় বখাটেদের হামলার শিকার হয় মেয়েটি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে রোববার বিকেলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। মেয়েটি এখন হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা নিচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, মেয়েটির মাথা, কপাল, মুখ, পেট ও বুকে ধারালো অস্ত্রের পাঁচটি ক্ষতচিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কামুক্ত।
মহেশখালী থানার পুলিশের ভাষ্য, প্রেমের সম্পর্ক সূত্রে ওই মাদ্রাসাছাত্রীকে হোয়ানক ইউনিয়নের পূর্ব হরিয়ারছড়ার বাসিন্দা জাহেদুল ইসলাম বিয়ের জন্য চাপ দেন। কিন্তু মেয়েটির বাবা তা মেনে নেননি। এরপর সপ্তাহ দুই আগে পার্শ্ববর্তী শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকার
এক ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক হয়। ফেব্রুয়ারিতেই বিয়ে হওয়ার কথা ছিল। এতে ক্ষিপ্ত হন জাহেদ।
মেয়েটি বলেছে, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে দাদুর জন্য ভাত নিয়ে যাওয়ার সময় জাহেদ দুই সহযোগী নিয়ে তার ওপর হামলা চালান। দুই সহযোগী তার মুখ চেপে ধরেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে জাহেদ এলোপাতাড়ি কোপালে সে মাটিতে পড়ে যায়।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে মেয়েটির চাচা জাহেদুল ইসলামসহ ছয়জনের নামের মহেশখালী থানায় একটি মামলা করেছেন। জাহেদ ও তাঁর পরিবার গা ঢাকা দিয়েছে।
গতকাল দুপুরে মেয়েটির বাবা প্রথম আলোকে বলেন, মাদ্রাসায় যাওয়া-আসার পথে বখাটে জাহেদুল প্রায়ই তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। তিনি মেয়ের ওপর এমন হামলার বিচার চান।
তবে গতকাল রাত আটটায় জাহেদুলের বাবা লোকমান হাকিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে মেয়েটির পরিবার বিয়ের জন্য জাহেদুলকে চাপ দেয়। তিনি এতে রাজি না হলে মেয়েটির পরিবার পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে ছেলেকে জড়াচ্ছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, পুলিশ হামলাকারীদের ধরার চেষ্টা করছে।