মাদ্রাসাছাত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার গাছের সঙ্গে বেঁধে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর ওপর নির্যাতন চালিয়েছে দুর্বৃত্তরা।
আহত ওই ছাত্রীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রীর মা ও এক সহপাঠী জানায়, গতকাল সকাল ১০টার দিকে বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল ওই ছাত্রী। এ সময় চার-পাঁচজন সন্ত্রাসী তাকে ধরে চোখ-মুখ বেঁধে রাস্তার পাশের একটি বাগানে নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা ওই ছাত্রীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। একপর্যায়ে ব্লেড দিয়ে তার হাত ও পায়ের বিভিন্ন অংশ কেটে দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
সদর থানার ওসি মো. গিয়াস উদ্দিন মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।