মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর মুখে বিষ দিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার মধ্যরাতে উপজেলার থালতা-মাঝগ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মরিয়ম খাতুন (১১) থালতা -মাঝগ্রাম ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের বাসিন্দা রিকশাচালক জামেদ আলীর মেয়ে।
জামেদ আলী অভিযোগ করেন, শনিবার রাতে মরিয়ম নিজের কক্ষে শুয়ে ছিল। পাশের কক্ষে তাঁরা স্বামী-স্ত্রী দুজন ঘুমাচ্ছিলেন। রাত ১২টার দিকে মরিয়মের কক্ষ থেকে ধস্তাধস্তি ও গোঙানির শব্দ শুনে তিনি সেখানে গিয়ে দেখতে পান প্রতিবেশী যুবক ফরিদ মিয়া তাঁর মেয়েকে গলা টিপে ধরে রেখেছেন। জামেদের উপস্থিতি টের পেয়ে জানালা ভেঙে পালিয়ে যান ফরিদ। তবে পালানোর আগে ফরিদ মরিয়মের মুখে বিষ ঢেলে দিয়ে যান বলে অভিযোগ করেন জামেদ আলী। রাতেই মরিয়মকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে মরিয়মের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী ভোরে ফরিদের বাড়িতে গিয়ে তাঁকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামিম ইকবাল প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ও আলামতে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। মরিয়মের মুখে বিষক্রিয়ার আলামতও পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।
ওসি হাসান শামিম আরও বলেন, ফরিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন জামেদ আলী। মামলা গ্রেপ্তার দেখিয়ে ওই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্তে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হলে হত্যা মামলা করা হবে। মরিয়মের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্নের পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।