মাদ্রাসাছাত্রীকে লক্ষ্য করে দাহ্য পদার্থ নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর (১৫) শরীরে দাহ্য পদার্থ নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রী দাখিল নির্বাচনী গণিত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে শনিবার মাদ্রাসায় যায়। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। পৌনে ১০টার দিকে ছাত্রীটি শৌচাগারে গেলে শৌচাগারের ফাঁক (ভেন্টিলেটর) দিয়ে দুর্বৃত্তরা মেয়েটিকে লক্ষ্য করে দাহ্য পদার্থ ছুড়ে মারে। পদার্থটি মেয়েটির পিঠে লাগলে সে চিৎকার শুরু করে। টের পেয়ে সহপাঠী ও শিক্ষকেরা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তারা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার আসাদুজ্জামান বলেন, দাহ্য পদার্থে মেয়েটির পিঠের বেশির ভাগ অংশই পুড়ে গেছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন জানান, এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে অবশ্যই দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।