পুরান ঢাকার লালবাগের হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসার বাথরুম থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে সুমাইয়া আক্তার (১১) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
লালবাগ থানার পুলিশ জানায়, লালবাগের আমলিগোলা বালুর মাঠসংলগ্ন মিষ্টি গলিতে ছয়তলা ওই মাদ্রাসা ভবন। ছয়তলার বাথরুমের কাপড় রাখার রডের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার হাঁটু মেঝের সঙ্গে লাগানো ছিল। তার বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী মোবারক আলী ও মা পেয়ারা বেগম। তাঁদের বাসা এলিফ্যান্ট রোডে ডিএমসি সরকারি স্টাফ কোয়ার্টারে।
সুমাইয়ার ভাই নয়ন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, দুপুর ১২টার দিকে মাদ্রাসা থেকে তাঁকে (নয়ন) ফোন করে মাদ্রাসায় যেতে বলা হয়। এতে তিনি তাঁর মাকে নিয়ে মাদ্রাসায় যান। কিন্তু পরে পুলিশ ষষ্ঠ তলায় যাবে, এ অজুহাতে তাঁদের ওই ভবনে ঢুকতে দেননি মাদ্রাসার কর্তাব্যক্তিরা। তিনি বলেন, তাঁরা ঘটনাস্থলে যাওয়ার পর খবর পেয়ে লালবাগ থানার পুলিশ লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেয়। তবে তাঁর বাবার অনুরোধে লাশ প্রথমে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হলেও পরে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়।
সুমাইয়ার মা জানান, গত ৫ আগস্ট সুমাইয়াকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। ছুটিতে গত বৃহস্পতিবার বাসায় এসে শনিবার সে মাদ্রাসায় ফেরে। তাঁর অভিযোগ, তাঁর মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।